বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত যে অভিযোগ করেছে বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে, তার প্রমাণ কী? কিন্তু জামায়াতের যে সম্পর্ক আছে এটার তো প্রমাণ আছে। তাদের আমির নিজেই বলেছেন যে “আমরা আওয়ামী লীগের সব মাফ করে দিব’’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জামায়াতের ব্যাপারে প্রমাণ আছে বলেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন এবং নানা জায়গায়, নানা ধরনের ঘটনায় দেখা গেছে যে তাদের আচরণ—গুপ্তদের আচরণ এবং পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন। অভিন্ন ধরনের কথাবার্তা বলছেন।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কী ধরনের অপপ্রচার-মিথ্যাচার করা হতো। কারণ ওরা দেখানোর চেষ্টা করতো যে বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল, তাদের সময় কোনো ধর্মাবলম্বী নিরাপদ নয়। কিন্তু এবার তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে, একটি সরকার সতর্ক থাকতে পারলে কোনো ষড়যন্ত্রকারী-চক্রান্তকারী নীল নকশার পথ অবলম্বন করতে পারে না।’
তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের মধ্য দিয়ে প্রমাণ হলো আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা এই অপপ্রচারে মেতে উঠেছেন। অপপ্রচার-কুৎসা রটনাতে অন্য কেউ তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না।
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ থেকেও অনেকে এসেছেন এখানে পূজা-অর্চনায় অংশগ্রহণ করার জন্য। তারাও মন্তব্য করেছেন এত নিরাপদ, এত শান্তিপূর্ণ পূজা-অর্চনা বাংলাদেশে হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা দিন-রাত কাজ করেছে।
আই/এ