এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বট ও গুপ্ত শুধু জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে। নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের সঙ্গে তার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। তার সন্তানদের নাম সীমান্ত ও দিগন্ত এলাকার মানুষ রেখেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সমালোচনার বিষয়টি জানিয়ে নাম পরিবর্তনের কথা বলার পর তা করা হয়েছে। বর্তমানে ইউনিয়নটির নাম জগন্নাথপুর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকার মিরপুর, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা কিংবা ঢাকার মীরের বাগ তাঁর বংশের নামে নয়। বিএনপিকে আক্রমণ করার উদ্দেশ্যেই তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে।
এদিন বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলায় আর এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা দিনের ভোট রাতে করতে চাই না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। নির্বাচনে কেউ হট্টগোল করলে বিএনপির লোক হলেও ছাড় পাবে না।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও বলেন, বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে ঠকানো হয়েছে। গত পূজায় ঢাকের তালে নাচলেন, এবার কেন গেলেন না? ভোটের মৌসুম শেষ হয়ে গেছে। তারা মৌসুমি রাজনীতিবিদ। ভোট এলে বেহেশতের লোভ দেখান, পূজামণ্ডপে যান; কিন্তু ভোটের পর জনগণের খোঁজ নেওয়ার সময় তাদের থাকে না।
আই/এ