জাতীয়

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বায়ান্ন প্রতিবেদন

ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে কেন্দ্রটির প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এর আগে একই দিন ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেন্দ্রটির উদ্দেশে যাত্রা শুরু করে গাড়িবহরটি।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত বিভিন্ন সড়কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় গাড়িবহরের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালানটি কবে বা কখন ঢাকায় পৌঁছেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর একই ধরনের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান নেওয়া হয়।

এদিকে, চলতি বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের আরও সাতটি চালান পর্যায়ক্রমে কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র #ইউরেনিয়াম