আন্তর্জাতিক

করাচিতে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ এবং নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের পাশাপাশি জরুরি সেবা এবং হাসপাতালে যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নতুন নির্দেশনায় করাচি বিভাগের বিভিন্ন এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা এবং জরুরি সেবার যান চলাচল স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে করাচিতে এ নিষেধাজ্ঞা জারি হলো। এর আগে খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রদেশটির মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা সোহেল আফ্রিদিকে গ্রেপ্তারের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।

সূত্র: দ্যা ডন 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #করাচি #১৪৪ ধারা #জারি #পাকিস্তান