আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ নিহত ৩ বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৃথক হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। নিহত তিনজনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে দুজন নারী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (০৬ অক্টোবর) ও বুধবার (০৭ অক্টোবর) সৌদির আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

হামলার পর বিমানবন্দরগুলোর ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলার জন্য ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে।

এর মধ্যেই রিয়াদ বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। চলতি সপ্তাহে বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে নতুন খাঁচার মতো নিরাপত্তা বেড়া বসানো হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এর এক দিন পর, ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। হুতিরা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুতিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় দেশটিতে অবস্থানরত সব মার্কিন নাগরিককে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #হুথি #হামলা