জাতীয়

জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মারধর ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ডিবি। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায়  মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যাপক যাত্রীদের চাপের কারণে ১ অক্টোবর মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।

এতে বলা হয়, সংরক্ষিত এলাকায় আখতারুজ্জামানের সঙ্গীরা ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে  আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আখতারুজ্জামান