জাতীয়

প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন, ১০ ডিসেম্বরের আগে শেষ হবে সংলাপ : ইসি

পাঁচ ধাপে  দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি)নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১ম ধাপে  ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান,  প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। সংখ্যা এবং ইউনিয়নের নাম নির্দিষ্ট করে আগামী বৃহস্পতিবারে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,  ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে তারা মনে করে না। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।

নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন কমিশন