মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চাকা পাংচার হয়ে হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে পালকী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা পাংচার হয়ে যায়।
এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহতদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে বলে ইউএনও জানিয়েছে।
আই/এ