পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেতের পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি ও তার স্বামী বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজারের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে তিনি স্বামীকে রাতের খাবার দেন। পরে বাড়ির পাশের এক প্রতিবেশীর বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য বের হন। এরপর তার আর বাড়িতে ফেরা হয়নি।
শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে স্থানীয় কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গেলে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/এ