দেশজুড়ে

যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মানসুরা বেগম ও বাবুল হোসেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।

পুলিশ জানিয়েছে,  নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লক্ষ্মীপুর #বাস