বিএনপি

যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন রিজভী বলেছেন, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র করতে চায়, জাতীয়তাবাদী ওলামা দল এবং বিএনপি তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে প্রান্তরে কঠিন বেরিকেড গড়ে তুলবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণে বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা, যারা এখানে আজকে রিফিউজি হিসেবে আছেন, তাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।  অর্থনীতি উন্নয়নসহ নানাবিধ বিষয়ে বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসের দাম বাড়ে। খাদ্যপণ্যের দাম বাড়ে। জ্বালানির দাম বাড়ে। বিদ্যুৎ থাকে না, নীলকল-কারখানা বন্ধ হয়ে যায়, মানুষ বেকার হয়। আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আজকে যারা আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে বাংলাদেশের যে এখানে গণতন্ত্রের যে ধারা, সেই ধারাকে যারা বন্ধ করতে চাচ্ছে, তার বিরুদ্ধেই জাতীয়তাবাদী ওলামা দল এই প্রতিবাদ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে কোনো পাতানো নির্বাচন নয়, কোনো মিডনাইট নির্বাচন নয়।  অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে। বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে তারেক রহমানের সরকার, বিএনপির জোট সরকার ক্ষমতায়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।পরে বায়তুল জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজভী