কুড়িগ্রামে আবারো সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পাওয়ায় প্রায় ১ ঘন্টা কুড়িগ্রাম -ভুরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা। এতে কিছুক্ষণের জন্য দুর পাল্লায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ এসে নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে।
রোববার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়ে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে সার দেয়া বিলম্ব করার বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করেন।
কৃষকদের অভিযোগ,ডিলাররা রাতের আধারে সার কালোবাজারিদের কাছে বিক্রি করে। এবং খুচরা দোকানে কেজি প্রতি সার ৪৫-৫০ টাকা গুনতে হচ্ছে।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে সার না পাওয়ার ঘটনায় এক ডিলারকে ধাওয়া করেছে কৃষকরা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামাল হোসেন বলেন, সড়ক অবরোধ হয়নি। তবে সারের চাহিদার তুলনায় বেশি লোকজনের সমাগম ঘটেছে। পরে শান্তিপূর্ণ ভাবে সারিবদ্ধ করে সার বিতরণ শুরু করা হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রামে সারের চাহিদা পূরনের জন্য অতিরিক্ত একহাজার মেট্রিকটন ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে।
এর আগে গত ১৮ ও ৭ সেপ্টেম্বর নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করেন কৃষকরা।
আই/এ