কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর অপ্রতিমের সাথে থাকা তার মায়ের আইফোনটি আটক কিশোর তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সালমানপুর এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে ফোনটি জব্দের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান।
তিনি জানান, পুরো ঘটনার বিস্তারিত তথ্য রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাসা থেকে বের হওয়ার সময় অপ্রতিমের সঙ্গে তার মায়ের ওই আইফোনটি ছিল। প্রাথমিক তথ্য ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা, মূলত ওই দামি আইফোনটি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পাার/
জানা যায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। সিসিটিভি চিত্রে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অপ্রতিমকে এক টুপি পরিহিত কিশোরের সাথে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী অন্য একটি ভবনের সিসিটিভি ফুটেজেও ওই কিশোর অপ্রতিমকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখা গেলে সন্দেহ ঘনীভূত হয়।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই কিশোরের পরিচয় শনাক্ত করে প্রক্টরিয়াল টিম। লাশ উদ্ধারের আগেই প্রক্টরিয়াল টিমের সদস্যরা সন্দেহভাজন তুহিনের বাড়িতে যান এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।
শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পরপরই কোটবাড়ি এলাকা থেকে তুহিনকে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই সালমানপুরের বাসা থেকে ফোনটি উদ্ধার করা হয়।
আর/আই