দেশজুড়ে

অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠে তার জানাজা হয়।

অপ্রতীমের দ্বিতীয় জানাজা সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গেল শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। এরপর তাকে খুঁজতে পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।

অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। 

ফুটেজ অনুযায়ী, তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন। এ কারণে আজ বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়।

এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। তার আধা ঘণ্টা পর, সাড়ে ৭টার দিকে ফাহিম নামের আরও একজনকে আটক করে পুলিশ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা বিশ্ববিদ্যালয় #অপ্রতীম