শেরপুরের নালিতাবাড়ীতে মায়ের কাছে ক্ষমা চেয়ে এবং নিজের মনের নানা কথা লিখে চিরকুট রেখে আত্মহত্যা করেছে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। পরিবারের অমতে ভালোবাসার মানুষকে না পাওয়া এবং অন্যত্র বিয়ের আলোচনা থেকে মানসিকভাবে ভেঙে পড়ে সে এমন সিদ্ধান্ত নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শৈশবেই সড়ক দুর্ঘটনায় বাবাকে হারায় ওই শিক্ষার্থী। এরপর তিন মেয়েকে নিয়ে আন্ধারুপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন তার মা। তিন বোনের মধ্যে ওই শিক্ষার্থী ছিল দ্বিতীয়।
সম্প্রতি তার বিয়ের জন্য একটি প্রস্তাব আসে। তবে এতে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশী এক যুবকের সঙ্গে ওই শিক্ষার্থীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে কিছুদিন ধরে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য চলছিল।
শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও জব্দ করা হয়।

হাতে লেখা সেই চিরকুটে মায়ের উদ্দেশে শিক্ষার্থীটি লিখেছে, ‘মা তুমি আমারে মাফ কইরা দিও। আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম। কিন্তু তোমার মাথা ধরে যে আমি তোওবা কাটছি।’
চিরকুটে নিজের সম্পর্কের বিষয়টি তুলে ধরে সে উল্লেখ করে, ‘মা, তুমি কি একবারও ভাবছিলা আমি তারে পাইলে সুখ পাবো। হাজারো দুঃখ-কষ্টে থাকলেও আমি শান্তি পাইতাম। কারণ তারে যে আমি ভালোবাসি।’
পরিবারের অন্য কোথাও বিয়ের ভাবনার প্রতিক্রিয়া জানিয়ে সে আরও লিখেছে, ‘তারে ছাড়া যদি তোমরা অন্য কারো সাথে বিয়ে দিতা, সত্যি কইতাছি মরার মতো বাঁচতাম।’ একই সঙ্গে ভালোবাসার যুবককে ঘটনার জন্য দায়ী না করার অনুরোধ জানিয়ে সে লিখেছে, ‘এখানে কারো দোষ নাই। তাও যদি তোমরা তারে অপরাধী হিসাবে দোষ দেও, তাইলে আমি মইরা গেলেও শান্তি পাইতাম না।’ চিরকুটের একেবারে শেষ অংশে সে নিজেকে ‘তোমার কপাল পোড়া’ হিসেবে উল্লেখ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসি//