কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে এক রাতে ২৫৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।
আটকদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে গেল বুধবার একই ধরনের অভিযানে কুমিল্লায় এক রাতেই ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজনের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার তথ্য সামনে আসে।
এরপর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরই বিভিন্ন গ্যাংয়ের সদস্যদের শনাক্ত ও আটক করতে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে পুলিশ।
এমএ//