নিহত কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের বয়সের সংখ্যা শহরের সরকারি ভবনগুলোর কপালে কালি দিয়ে লিখে দিতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
বায়ান্ন টিভির পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চাই, কারণ তেরো বছর বয়সে একটি ছেলের পৃথিবী হওয়ার কথা ছিল স্কুলের মাঠ, বন্ধুর মুখ, মায়ের রান্নাঘর, পরীক্ষার খাতা আর ভবিষ্যৎ নিয়ে অসংখ্য নির্বোধ স্বপ্ন।
অথচ এই দেশ তাকে তার ভবিষ্যৎসহ গিলে ফেলেছে এবং আমরা এখন সভ্য মানুষের মতো বসে তার মৃত্যুর কারণ খুঁজছি।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীম গেল শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন শনিবার লালমাইয়ের সানন্দা পাহাড় এলাকায় অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম।
এমএ//