দেশজুড়ে

ডিসেম্বর কেন, শেখ হাসিনা কালকেই আসুক : বিমান মন্ত্রী

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন,৩১ ডিসেম্বর কেনো, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মাঝে মাঝে শুনি উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি শেখ হাসিনা এখানে আসবে। এ কথা বলে বিশৃঙ্খলা করার জন্য। ফ্যাসিস্ট আমলের যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়। এ কারণে এ কথাগুলো বলে।

তিনি বলেন,  শেখ হাসিনা যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোষররা যারা পলায়ন করে আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক।

তিনি আরও বলেন,  বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু লুটপাটের সেই টাকা খেতে পারছে না৷ এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আই/এ