জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পরিস্থিতি থাকবে।
সম্প্রতি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানার গ্রাহকদের পাশাপাশি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র এবং সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে ভোগান্তিতে পড়বেন।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।
এসি//