বগুড়ায় বাসের সাইড বক্স থেকে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাখিগুলো প্লাস্টিকের খাঁচায় রাখা ছিলো। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আতোয়ার রহমান।
বুধবার রাত ১১টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় নওগাঁ থেকে ঢাকাগামী আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
এএসপি আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কয়েকজন পাখি ব্যবসায়ী বিপুলসংখ্যক প্যারাকিট টিয়া বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর ভিত্তিতে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঠনঠনিয়া এলাকায় বাসটিতে তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে বাসের সাইড বক্সের ভেতর ১০টি প্লাস্টিকের খাঁচা পাওয়া যায়। খাঁচাগুলোর মধ্যে ১০৩টি প্যারাকিট টিয়া পাখি রাখা ছিল। পরে পাখিগুলো উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।
এমএ//