ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে রশি ও রাবার সংযুক্ত করে কারচুপির মাধ্যমে ক্রেতাদের কম ওজনের ইলিশ দেওয়ার অভিযোগে এক মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজার এলাকার মাছের পাইকারি ও খুচরা আড়ত ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন সংস্থাটির ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে মেসার্স সিয়াম মিয়া নামের একটি ইলিশের দোকানে ওজন মেশিনে কারচুপির বিষয়টি ধরা পড়ে। দোকানের বিক্রেতা আপেল মাহমুদ মেশিনের ভেতরে বিশেষ কৌশলে রাবার ও রশি লাগিয়ে রেখেছিলেন। রশিটির অন্য প্রান্ত গামছার আড়ালে তার হাতের কাছে রাখা ছিল। সেটি টেনে বা ঢিলা করে ইচ্ছেমতো মাছের ওজন কম-বেশি করা সম্ভব ছিল।
অভিযান চলাকালে কারচুপিতে ব্যবহৃত রশি, রাবারসহ ওজন মেশিনটি জব্দ করা হয়। এ সময় আপেল মাহমুদ কারচুপির বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার অঙ্গীকার করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায়ও করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়।
ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এমএ//