পঞ্চগড়ের তেতুলিয়ায় বিএনপি নেত্রীর মধ্যস্থতায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনা, ‘আপোষ ও ধামাচাপার’ প্রতিবাদে ঝাড়ু-জুতা নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ ঘটনার বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন তারা।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচী পালন করেন স্থানীয়রা৷ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিক্ষোভকারীরা অভিযুক্ত সানোয়ারের বিচারসহ বিভিন্ন স্লোগান দেন। ধর্ষণের ঘটনা মিমাংসায় জড়িত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার নাম উল্লেখ করেও স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, স্থানীয় নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সী অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিশু ঝাড়ু ও জুতা হাতে নিয়ে ভুক্তভোগী শিশুর গ্রাম থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের রবীন্দ্র স্মরণী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে এক ঘন্টা ধরে যানচলাচল বন্ধ থাকে। এসময় সড়কের দুই ধারে শতাধিক যানবাহন ও পথচারী আটকে পড়েন।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে তাইয়াগছ এলাকার সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধ তার প্রতিবেশী ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু থানার মামলা না করে একটু কুচক্রী মহলসহ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নেত্রী সুলতানা রাজিয়া ভুক্তভোগী পরিবারকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে আপোষ করিয়ে দেন।
এদিকে এঘটনাটি জানাজানি হলে গ্রামের স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তের পরিবারের লোকজন স্থানীয় ও প্রতিবাদকারীদের বিভিন্ন হুমকি ধামকি দেন৷ পরে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোন বিচার ও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়৷
অভিযোগের বিষয়ে সুলতানা রাজিয়া বলেন, ‘আমি গত ১৫ আগস্ট থেকে ঢাকাতে আছি। ছেলের পরীক্ষার জন্য এসেছি। তবে কারা বিচার শালিস করলো আমি জানিনা। কি কারণে আমাকে জড়াচ্ছে তাও জানিনা। এখানে রাজনৈতিক কোন উদ্দেশ্য আছে। তা না হলে কেন আমাকে জড়াবে সেখানে। ভুক্তভোগীর পরিবার নাকি থানায় মামলা করতে যায় নি। কিন্তু তবুও আমাকে জড়ানো হচ্ছে’।
ইউএনও আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ