ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজের ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার নুরুল হককে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারের সুত্রানুসারে, গত ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীকে তার বাবা নুরুল হক ধর্ষণ করেন। তিন দিন পর কিশোরী ঘটনাটি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করে।
ওসি রবিউল আজম জানান, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর/আই