ফুটবল

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

স্পোর্টস ডেস্ক

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল হুলিয়ান আলভারেজকে। বার্সেলোনার সঙ্গে তার যোগসূত্র থাকায় অ্যাথলেটিকো মাদ্রিদের ভক্তরা এই আর্জেন্টাইন তারকার ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। এর আগেও তাকে দলে ভেড়ানোর একাধিক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। তবে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হওয়ার আগেই আলভারেজকে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।

বুধবার (২৬ আগস্ট) বার্সেলোনার অফিশিয়াল মিডিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা জানান, খেলোয়াড় নিজেই আমাদের ক্লাবে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে মনে হচ্ছে।

তিনি আরও জানান, অ্যাথলেটিকোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি এবং আশাবাদী যে দুই ক্লাবের মধ্যে একটি সুন্দর সমঝোতা হবে। আমরা অ্যাথলেটিকো ক্লাব, তাদের বোর্ড এবং পুরো দলের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই এই প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছি।

চলতি গ্রীষ্মের দলবদলের শুরুতে রবার্তো লেভানডস্কির বিকল্প হিসেবে আলভারেজকে নিজেদের প্রধান টার্গেট বানিয়েছিল বার্সা। সে সময় অ্যাথলেটিকোর কাছে ১০০ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের একটি প্রস্তাব পাঠানো হলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছিল।

এছাড়া আর্সেনালও এই ফরোয়ার্ডের প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়েছিল। এর আগে গত জুলাইয়ে ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ নিজেই অ্যাথলেটিকো ছাড়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

২৬ বছর বয়সী এই তারকার দলবদল নিয়ে এবারের গ্রীষ্মের ট্রান্সফার বাজারে তৈরি হয়েছে চরম নাটকীয়তা। এই দৌড়ে পিএসজি ও রিয়াল মাদ্রিদের মতো হেভিওয়েট ক্লাবগুলোও ছিল। রিয়ালের দাবি ছিল, তারা আলভারেজের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, বার্সেলোনা অবৈধভাবে আলভারেজকে দলবদলে প্রলুব্ধ করছে—এমন অভিযোগে ফিফা এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, যা দুই ক্লাবের মধ্যকার বর্তমান উত্তেজনাই ফুটিয়ে তোলে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হুলিয়ান আলভারেজ #বার্সেলোনা