জাতীয়

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

বায়ান্ন প্রতিবেদন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান স্পিকার। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন তিনি। আহতদের দ্রুত সুস্থতার জন্যও প্রার্থনা করেন জাতীয় সংসদের স্পিকার।

বুধবার (২৬ আগস্ট) নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের তালিকায় বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যার কারণে নেপালের তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপাল-চীন সীমান্তের কাছে লহেন্দে নদীর পানি তুষারধসে তৈরি ধ্বংসস্তূপে আটকে যায়। পরে আটকে থাকা পানি ও বিপুল ধ্বংসাবশেষের স্রোত ভোতেকোশি নদীতে নেমে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

দুর্যোগের সময় ওই এলাকায় বৃষ্টিপাত না থাকায় স্থানীয় বাসিন্দারা আগাম কোনো সতর্কবার্তা পাননি বলে জানা গেছে। ফলে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বন্যার পানিতে অন্তত নয়টি জলবিদ্যুৎ প্রকল্প এবং বাণিজ্যিক ব্যাংকের নয়টি শাখা ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রাথমিক হিসাবে ১৯টি যান চলাচলযোগ্য সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত বা পানিতে ভেসে গেছে।

তবে এখনো দুর্যোগে মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল #স্পিকার #বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ #ভয়াবহ বন্যা #ভূমিধস