জাতীয়

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বায়ান্ন প্রতিবেদন

জাতীয় সংসদের ত্রয়োদশের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরই বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নানা বিষয় এবং জনদুর্ভোগের বিভিন্ন ইস্যুতে এবারের অধিবেশনে আলোচনা হতে পারে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

অধিবেশনে বিশেষ গুরুত্ব পেতে পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি গ্যাস সংকট, তীব্র বিদ্যুৎ ঘাটতি ও ঘন ঘন লোডশেডিংয়ের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা সরব হতে পারেন।

এ ছাড়া প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের অভিযোগ নিয়েও বিরোধী সদস্যরা সংসদে প্রশ্ন তুলবেন বলে জানা গেছে। এসব বিষয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি এবং কার্যকর পদক্ষেপের আহ্বান জানাতে পারেন তারা।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শেরেবাংলা নগরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় সংসদ #প্রধানমন্ত্রী #তারেক রহমান