রাজনীতি

লংমার্চে জনভোগান্তির আশঙ্কা, আগাম ক্ষমা চাইলো জামায়াত

৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করমসূচি ঘোষণা করা হয়েছে।  এত প্রায় ১০০০ গাড়ি অংশ নেবে বলে ধারণা করছে ১১ দলীয় ঐক্যের নেতারা। বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে।  এ জন্য দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। এতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন।

তিনি বলেন, সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে কর্মসূচি শেষ হবে। পথে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। লংমার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে।  ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন।

তিনি আরও বলেন, লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের এক অংশ দিয়ে লংমার্চের বহর চলবে এবং অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত #লংমার্চ