তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বাধাবিঘ্ন হোক—সরকারের তরফ থেকে এমন মানসিকতা নেই। কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করল না, তা নয়। হয়তো নিরাপত্তা ইস্যু ছিল। বাংলাদেশে অনেক কনসার্ট হচ্ছে। বড় বড় কনসার্ট হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাধার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ৪০ থেকে ৫০ বছর ধরেই কোনও কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কিছু গোষ্ঠীর আপত্তি দেখা গেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিজস্ব সংস্কৃতির সঙ্গে কীভাবে বসবাস করবে, সেটি সমাজই নির্ধারণ করবে। কিছু মানুষ মাঝে মাঝে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের যত ঘটনা ঘটেছিল, তার তুলনায় বর্তমান সরকারের সময়ে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমি বলছি না যে এখন একটি ঘটনাও ঘটছে না। কিছু ঘটনা এখনও ঘটছে।
তিনি আরও বলেন, ‘দেড় থেকে দুই বছর ধরে যখন কিছু গোষ্ঠী এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে এসেছে, তখন পরিস্থিতি রাতারাতি পুরোপুরি বদলে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বরং যতটুকু উন্নতি হয়েছে, আমি সেটিকে বড় অগ্রগতি হিসেবে দেখি। বাকি সমস্যাগুলোও ধীরে ধীরে সমাধান হবে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
আই/এ