জাতীয়

যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান নেই। বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন—একই উত্তর দেব যে, এই একজন আসামিকে এবং আরও যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা যদি আসে, আসামি হিসেবেই তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হবে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এর ব্যত্যয় কোনো ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’

এর আগে মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।

এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দিল্লি থেকে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #পররাষ্ট্র প্রতিমন্ত্রী #শামা ওবায়েদ ইসলাম