বরগুনার পাথরঘাটার হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া পাঁচ জেলের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা।
তিনি জানান, একটি ট্রলার গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের মরদেহ নিয়ে উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে আরও প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে ‘এফবি বরকত’ ট্রলারটি সাগরে ডুবে যায়। ওই সময় ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।
নিখোঁজ জেলেরা হলেন—পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজ বা চালকের কক্ষের ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ প্রবল ঢেউ ও ঝড়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
পরে আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সাগরে পাঠানো হয়। দীর্ঘ সময় ধরে অভিযান চালানোর পর শেষ পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলের মরদেহের সন্ধান পাওয়া যায়।
পাঁচ জেলের মরদেহ উদ্ধারের খবর পাথরঘাটায় পৌঁছানোর পর তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো উপকূলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত ও পারিবারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এসি//