আন্তর্জাতিক

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গিনির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রবল বর্ষণের ফলে রাজধানীর কোনাক্রির গিবেসেয়া এলাকায় এই ধসের ঘটনা ঘটে। আবর্জনার ওই পাহাড়সম স্তূপটি এতই বিশাল ছিল যে, তা বহুতল ভবনকেও অনায়াসে ঢেকে দিতে সক্ষমা

দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই এই ঝুঁকিপূর্ণ জঞ্জালের স্তূপটি সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিল গিনি সরকার। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নের আগেই নেমে এল এই বিপর্যয়। স্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে খননযন্ত্র বা এক্সকেভটর ব্যবহার করতে হয়েছে উদ্ধারকর্মীদের।

এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়েছেন সিরে দিয়োলো নামের এক স্থানীয় নারী। গণমাধ্যমের কাছে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি আমার সন্তানদের হারিয়েছি। এখন ঈশ্বরের ওপর ভরসা করা ছাড়া আমার আর কোনো পথ নেই। উল্লেখ্য, মর্মান্তিক এই দুর্ঘটনায় তার পাঁচ সন্তানেরই মৃত্যু হয়।

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ গিনি। মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট মজুত এবং প্রচুর লৌহ আকরিক থাকা সত্ত্বেও দুর্বল অবকাঠামো ও অব্যবস্থাপনার কারণে দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র হিসেবে পরিচিত। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গিনির ১ কোটি ৫১ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩৭ লাখ মানুষই এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন।

 

আর/আই

সূত্র: রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন #গিনি #আবর্জনা #স্তূপ