কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের নিয়ে শিলখুড়ি ইউনিয়নের এক বিসিআইসি সার ডিলারের গুদাম থেকে প্রায় দুইশত বস্তা সার লুটের ঘটনায় রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
ভুরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।
ইউএনও অমৃত দেব নাথ বলেন, ইতোমধ্যেই লুট হওয়া ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে সোমবার (২৪ আগস্ট) দুপুরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।
উল্লেখ্য, রোববার দুপুরে সার কিনতে আসা শতাধিক কৃষক উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামে ‘মেসাস শাহ আমানত ট্রেডাস’ ডিলারের কাছ থেকে সার কিনতে দেরি হওয়ায় ডিলারের গুদামঘর ভেঙ্গে ২০০ বস্তা সার লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ কৃষকরা।
আর/আই