মোংলা বন্দরের কার্যক্রম পর্যালোচনা, বন্দর সম্প্রসারণের অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিসহ দিনব্যাপী একাধিক সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।
সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বেলা পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, এ সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এসি//