জাতীয়

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশায় আসছে নতুন বিধিমালা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধনের আওতায় আনতে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। প্রস্তাবিত নিয়মে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে এসব রিকশার নিবন্ধন দেওয়া হবে না। এমনকি পরবর্তী সময়ে নিবন্ধন নবায়নও করা হবে না।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন এখন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে হবে না। সিটি করপোরেশন ও পৌরসভা এসব যানবাহনের নিবন্ধন দেবে। এ জন্য জাতীয় সংসদে পাস হওয়া আইনের ভিত্তিতে প্রয়োজনীয় বিধিমালা তৈরি করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় নিবন্ধনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হচ্ছে।

এর মধ্যে অন্যতম হলো সৌরবিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা। সিটি করপোরেশন ও পৌরসভাগুলো বিষয়টি নিশ্চিত করবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশার নিবন্ধন বা নবায়ন করা হবে না।

এ ছাড়া নিবন্ধনের আগে প্রতিটি রিকশাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ের সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নিতে হবে। এসব প্রতিষ্ঠানের ফিটনেস সনদ দেওয়ার জন্য নির্ধারিত ফি থাকবে।

ফিটনেস সনদ পাওয়ার পর সেটি সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিয়ে নির্ধারিত নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। এক বছর পর নিবন্ধন নবায়নের সময়ও নতুন করে ফিটনেস সনদ দেখাতে হবে।

ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণ ও নগর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে রাজধানীকে আটটি অঞ্চলে ভাগ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে চারটি করে মোট আটটি অঞ্চল করা হবে।

প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। ফলে এক অঞ্চলের ই-রিকশা অন্য অঞ্চলে চলাচল করতে পারবে না। এ ব্যবস্থা কার্যকর করতে যানবাহনগুলোকে ভূ-সীমানা নির্ধারণ প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের মধ্যে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। কোন ই-রিকশা কোন এলাকায় বা কোন পথে চলতে পারবে, সেটিও নতুন বিধিমালায় নির্ধারণ করা হবে।

মীর শাহে আলম বলেন, নতুন বিধিমালা দ্রুত কার্যকর করতে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে কাজ করবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও রাখা হবে।

প্রতিমন্ত্রী জানান, এসব বিষয় অন্তর্ভুক্ত করে বিধিমালা তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যেই বিধিমালাটি চূড়ান্ত করে দেওয়ার আশা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্যাটারিচালিত রিকশা #ঢাকা #সারাদেশ