রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ সাকিনের গরীবের নেওয়াজ মসজিদ রোডের একটি বাড়িতে অভিযান চালায় সিটিটিসি। ডেমরা থানার সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ৯টার দিকে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমরা বিকাল ৫টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।”
সিটিটিসির এক কর্মকর্তা জানান, কিছু দিন আগে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিস্ক্রিয় করেছে। অপরটি নিস্ক্রিয় করার কাজ চলছে।
আই/এ