রাজধানী

রাজধানীতে ৭ রুটে পরীক্ষামূলক কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

রাজধানীতে বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে ছয়টি সাধারণ রুট এবং একটি চক্রাকার রুটসহ মোট সাতটি রুটে পরীক্ষামূলকভাবে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। আগের ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টিতে নামিয়ে আনা হয়েছে। নতুন রুটের জন্য পৃথক রং ও নম্বর নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানিভিত্তিক কার্যক্রমের আওতায় বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

তিনি বলেন, গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। এ ছাড়া ঘাটারচর থেকে ডেমরা এবং ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার লাইন। অন্যদিকে, ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত বাস পরিচালনা করবে পিএনপি সিটি সার্ভিস।

ডিএমপি কমিশনার বলেন, আগে এই ছয়টি রুটে ১৮টি আলাদা ব্যানারে বাস চলাচল করত। সেগুলোকে একটি কোম্পানির আওতায় আনা হয়েছে। এখন শৃঙ্খলার সঙ্গে বাস চলাচল করবে। এতে অসুস্থ প্রতিযোগিতা ও বিশৃঙ্খলা কমবে। বাসচালক ও শ্রমিকেরা বেতনভিত্তিক ব্যবস্থায় কাজ করবেন।

তিনি আরও বলেন, ২৫টি সার্কুলার বাস রুট চালুর পরিকল্পনা রয়েছে। এসব রুটে ছোট আকারের বাস চক্রাকারে চলাচল করবে। প্রতিটি বাস নির্ধারিত রুটে সারাদিন চলবে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে মিনি বাস পাওয়া গেলে বাকি চারটি রুট নিয়েও কাজ শুরু করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান প্রমুখ।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #বাস #রেশনালাইজেশন