দেশজুড়ে

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক ও দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নে এবং দুপুরে পোগলা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দুই শিশু হলো—রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার এক বছর বয়সী ছেলে মুয়াজ এবং পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মণ্ডলের ১৮ মাস বয়সী ছেলে তাসকিন তারেক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মুয়াজ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুরে পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে যায় তাসকিন তারেক। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #কলমাকান্দা #পানিতে ডুবে মৃত্যু