পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় অসুস্থ হয়ে দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ বিল্ডিং এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তিনি মারা যান।
প্রকল্প সূত্রে জানা গেছে, সকালে ভবনের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সের্গেই। খবর পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, অসুস্থ হওয়ার পর সের্গেইকে প্রথমে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি যেতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএ//