দেশজুড়ে

পাথরের নিচে লুকানো ১৯২৫ পিস ভারতীয় শাড়িসহ ট্রাক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কোটি টাকা মূল্যের ১৯২৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাড়ি বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে বিজিবি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী সন্দেহজনক একটি ট্রাক ইসলামপুর এলাকায় থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৯২৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাকটিও জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা শাড়ি ও ট্রাকের আনুমানিক মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা।

জব্দ করা শাড়ি ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতীয় শাড়ি