দেশজুড়ে

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। 

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে কারও শরীরে পোড়ার ক্ষত পাওয়া যায়নি। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা অসুস্থ হয়ে পড়েছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, লাইব্রেরির যে অংশে আগুনের সূত্রপাত, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। 

তিনি বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টে আক্রান্ত হয়। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত ভবন থেকে বের হতে পেরেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #আগুন #মাদ্রাসা