ক্যাম্পাস

বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বহালের দাবিতে বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখার দাবিতে এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা

সোমবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে দেওয়া হলে স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বলেন, চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ সময় ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তারা মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার ওপর আস্থা রেখে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামোতে কোনো পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা প্রয়োজন। 

তারা আরও বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর হবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। বিপরীতে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ সৃষ্টি হতে পারে, যা শিক্ষার সামগ্রিক মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এসময় দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনটিআরসিএ