আইন-বিচার

এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী ১৮ এপ্রিলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট। দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর রিটের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করা আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল জানিয়েছেন, নিয়োগ পরীক্ষাটি ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট বিভাগ গত ২৫ মার্চ ইস্যুকৃত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও ২ (দুই) মাসের জন্য স্থগিত করেছেন।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি ইস্যুকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,৫৫৯টি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী প্রার্থীদের আবেদন আহবান করা হয়। এক্ষেত্রে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

কিন্তু আবেদনপত্র দাখিল করার ১৯ (উনিশ) দিন পরে স্কুল ও কলেজ এবং ২৫ (পঁচিশ) দিন পরে ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার পরিবর্তন এনে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান সকল পদে শিক্ষকদের ১৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এনটিআরসিএ