দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এসব কমিটি গঠন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্টদের প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
প্রতিবেদন পাঠাতে হবে মাউশির নির্ধারিত ইমেইল ঠিকানা ad-admin@dshe.gov.bd-এ।
এসি//