দেশজুড়ে

স্বামীর সঙ্গে অভিমান, চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি

ছবি: ফাইল ছবি

নেত্রকোনা পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে স্বর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার হাতের লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে শহরের জয়নগর এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বর্ণা পৌর শহরের দক্ষিণ কাটলী এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকাল ৯টার দিকে স্বর্ণার কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা তার বাসায় ডাকাডাকি করেন। পরে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্বর্ণার মরদেহ দেখতে পায়। পরে ঘরের একটি ডায়েরি থেকে তার লেখা চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে স্বর্ণা বাবা-মা ও স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, মায়ের সেবা করতে না পারায় তাকে যেন ক্ষমা করা হয়।

চিরকুটে স্বামীর প্রসঙ্গে তিনি লিখেছেন নাজমুল তাকে ভালোবাসা দিয়েছেন উল্লেখ করে স্বামীকে কোনো ধরনের দোষ না দিতে পরিবারের সদস্যদের অনুরোধ করেন তিনি।

এছাড়া চিরকুটে নিজের মৃত্যুর পর ময়নাতদন্ত না করার অনুরোধও জানান স্বর্ণা। তবে আইনি প্রক্রিয়ার কারণে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #মরদেহ #আত্মহত্যা