চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় ইনজেকশন মজুত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (০৯ আগস্ট) সকাল ১০টার দিকে আকস্মিকভাবে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি মুঠোফোনে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিভিল সার্জনকে দ্রুত বদলির নির্দেশ দেন।
পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি হাসপাতালের চলমান সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন ওয়ার্ড ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করার বিষয়ে আশ্বাস দেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।
ডা. মোহাম্মদ নুর আলম দীন ২০২৪ সালের ১৬ অক্টোবর চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নেন।
এমএ//