স্বাস্থ্য খাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বিগত সরকারের আমলে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি, পর্যাপ্ত নার্স নিয়োগ করা হয়নি, বাড়ানো হয়নি হাসপাতালের শয্যাসংখ্যাও। লোকবল না থাকা সত্ত্বেও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কসবা ও আখাউড়া উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শক্তি ফাউন্ডেশন ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মোবাইল হেলথ ক্লিনিক চালু করা হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেডিওথেরাপির মেশিন আনার আগেই প্রয়োজনীয় জনবল প্রস্তুত করেছে। কিন্তু আগের সরকার তা করেনি। খুলনায় ১৮ কোটি টাকার একটি মেশিন ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংকার ছাড়া এমআরআই হয় না। বাংকার নেই, অথচ টাকা খাওয়ার জন্য মেশিন এনেছে। সেই মেশিন এখন ভাঙারি। বাদাম খেতে হবে বিক্রি করে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল প্রস্তুত করে ধাপে ধাপে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম প্রমুখ।
এমএ//