মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
শনিবার (০৮ আগস্ট) দিবাগত রাতে কুলাউড়া উপজেলার থিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ৪ থেকে ৫ জন বাংলাদেশি চোরাকারবারি আলীনগর সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করেন। সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন।
এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি ছোড়ে বিএসএফ। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার স্বজনেরাও বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, তারা মিয়ার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএ//