টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ এক প্রবাসীকে গভীর রাতে রাস্তায় ফেলে গেছেন তার স্ত্রী। ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৯)। তিনি ১২ বছর সৌদি আরবে ছিলেন। তিন মাসে আগে অসুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।
রোববার (২ আগস্ট) সকালে সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১২ বছর আগে জামাল উদ্দিন পৈতৃক ভিটাসহ সম্পত্তি বোনের জামাই আবদুল গফুরের কাছে বিক্রি করেন। পরে স্ত্রী রিনা আক্তারের সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। এরপর জামাল সৌদি আরব যান। সেখানে প্রায় ১২ বছর ছিলেন।
প্রায় তিন মাস আগে অসুস্থ হয়ে তিনি দেশে ফেরেন। এরপর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না।
গত শনিবার গভীর রাতে স্ত্রী ও সন্তানরা মিলে জামালকে কালমেঘা গ্রামে পৈতৃক ভিটার পাশের রাস্তায় রেখে চলে যান। তিনি সারা রাত সেখানে প্লাস্টিকের বস্তার ওপর শুয়ে ছিলেন। রবিবার সকালে স্থানীয় লোকজন তাকে দেখতে পান। এ সময় তার পাশে দুটি ব্যাগ ছিল। পরে বৃষ্টি শুরু হলে জামালের ভাতিজি ইসমত আরা তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বর্তমানে জামাল সেখানেই আছেন।
তবে স্ত্রী রিনা আক্তার দাবি করেন, কয়েক মাস আগেই তিনি জামাল উদ্দিনকে ডিভোর্স দিয়েছেন। তাই জামালের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই এবং ওই রাতে জামাল কীভাবে সেখানে পৌঁছালেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ দম্পতির ছেলে আবু রায়হান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তিনি বিষয়টি জেনেছেন। মায়ের সঙ্গে বাবার সম্পর্ক ভালো নয়। তিনি পোশাক কারখানায় স্বল্প বেতনে শ্রমিকের কাজ করেন। তবে অসুস্থ বাবার সঙ্গে এমন আচরণ ঠিক হয়নি।
ইউএনও আশরাফুল আলম জানান, ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
আই/এ