পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার লক্ষ্যে চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। এর ফলে ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এবং রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয় বরং এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশন ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আর/আই