দেশজুড়ে

শিয়ালের আক্রমনে নারী-শিশুসহ ১৪ জন আহত

মেহেরপুরের গাংনী উপজেলায় শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ  ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার হিন্দা ও মাইলমারী ধলা গ্রামে পৃথক দুটি ঘটনায় আহত হন তারা। প্রাথমিকভাবে আহতদের জলাতঙ্ক প্রতিরোধোক ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল রানা ।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে হিন্দা গ্রামের রেজাউল হকের বাড়িতে একটি শিয়াল প্রবেশ করে। এ সময় রেজাউল হকের স্ত্রী আমিরন খাতুন শিয়ালটিকে তাড়াতে গেলে সেটি তার হাতে কামড় দেয়। মাকে রক্ষা করতে মেয়ে আরশুনা এগিয়ে এলে তাকেও কামড় দেয় শিয়ালটি। পরে বাড়ি থেকে বের হয়ে আশপাশে যাদের সামনে পেয়েছে, তাদের ওপর আক্রমণ করে। এতে ওই গ্রামের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন- মুতার মণ্ডলের মেয়ে বাছিরন (৭৫), লুৎফর হোসেনের মেয়ে শিউলী খাতুন (৪৮), রেজাউল হকের স্ত্রী আমিরন খাতুন (৫০), রেজাউলের মেয়ে আরশুনা (৩০), আব্বাসের ছেলে নুর মোহাম্মদ (১৮) ও জেরিন (১৬)। এ ছাড়া একই গ্রামের আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

এদিকে, একই দিন সন্ধ্যায় মাইলমারী ধলা গ্রামেও শিয়ালের কামড়ে ২ জন আহত হন। তারা হলেন- নুরুল ইসলামের ছেলে বিএনপি নেতা জাফর এবং গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক (৪৫)। 

বিএনপি নেতা জাফর বলেন, মাইলমারী বিলের পাশে আমরা ৩ জন বসে গল্প করছিলাম। এ সময় মাঠের দিক থেকে হঠাৎ একটি শিয়াল আমাদের কাছে চলে আসে। পেছনে তাকিয়ে দেখি, শিয়ালটি আমার পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সেটি আমাকে আক্রমণ করে এবং মুখে কামড় দেয়। আমাকে রক্ষা করতে গিয়ে আব্দুল খালেকও শিয়ালের কামড়ে আহত হন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল রানা জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া আহত ব্যক্তিদের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

শিয়ালের আক্রমণের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিয়াল